রাজধানীতে ৫০ হাজার ইয়াবা জব্দ, গ্রেফতার ৪৭

ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত। তাদের কাছ থেকে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে ডিএমপি সূত্র জানিয়েছে। এদিকে রাজধানীর উত্তরা থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।
 
ডিএমপি সূত্র আরও জানায়, গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে ২২ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৮৯৯ গ্রাম ৫১০ পুরিয়া হেরোইন, ৩০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
 
এদিকে রাজধানীর উত্তরা থেকে ২৮ হাজার ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তিরা হলেন- রফিকুল ইসলাম, ফেরদৌস, মুসা, জাহিদ হাসান ও জাহিদের স্ত্রী পাপিয়া হাসান। গত শুক্রবার রাতে তাদের গ্রেফতার করে র‌্যাব-১ এর একটি দল।
 
র‌্যাব-১ এর এক কর্মকর্তা জানান, গত শুক্রবার রাত ১০টার দিকে উত্তরার ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর  রোডের ২৩ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। একটি ফ্ল্যাট থেকে রফিকুল, ফেরদৌস, মুসা, জাহিদ ও পাপিয়াকে গ্রেফতার করা হয়। বাসা থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
 
ইত্তেফাক/এমআই