শ্রীনগরে থানা থেকে আসামির পলায়ন, এসআই ক্লোজড

 
শ্রীনগরের থানা থেকে মো. পারভেজ মাঝি ওরফে সাখা (৩১) নামে এক আসামি পালিয়ে গেছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম শ্রীনগর থানা পরিদর্শন করেন। এ ঘটনায় শ্রীনগর থানার এসআই নাসিরকে ক্লোজড করে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে যুক্ত করা হয়েছে।
 
এর আগে শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে র‌্যাব-১১ শ্রীনগর উপজেলার কয়কীর্ত্তন থেকে ১শ’ ৯০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী পারভেজকে গ্রেফতার করে। র‌্যাব সাখার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে শ্রীনগর থানায় সোর্পদ করে। সাখা রাঢ়িখালের মেরিন হত্যা মামলার সন্দেহ ভাজন আসামি হওয়ায় শনিবার সকাল সাড়ে আটটার দিকে শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই নাসির তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হাজত থেকে বের করে আনেন। এ সময় তার হাতে হাতকরা পড়ানো ছিল না। এসআই নাসির তাকে একা কক্ষে রেখে বাইরে যান। এ সময় অসাবধানতা কারণে সকলের নজর এড়িয়ে সাখা পালিয়ে যান।
 
ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীনগর থানার ওসি এসএম আলমগীর হোসেন জানান, এসময় সাখার হাতে হাতকড়া পড়ানো ছিল না। সাখাকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। পারভেজ স্থানীয় সেলামতি গ্রামের আব্বাস মাঝির ছেলে।
 
অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় এসআই নাসিরকে ক্লোজ করা হয়েছে। আজ তাকে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হবে। অপর দিকে, পালিয়ে যাওয়া সাখার বিরুদ্ধে শ্রীনগর থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে