দিনাজপুরের হাকিমপুর থানার পুলিশ ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। আটক টিপু (২৩) হিলি সীমান্তের উত্তর বাসুদেবপুর (কালিগঞ্জ) গ্রামের নজরুল ইসলামের ছেলে। আজ শনিবার রাতে হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের দুই নম্বর গেটের পাশ থেকে টিপুকে আটক করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর জানান, রাত সাড়ে ৮টার দিকে ফোনে খবর পাই কয়েকজন মাদক পাচারকারী ফেন্সিডিল পাচার করার উদ্দেশ্যে হিলি পোর্টের দুই নম্বর গেটের পাশে অপেক্ষা করছে। এ সময় থানার সেকেন্ড অফিসার (এস আই) রাকিব হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে পৌছে দেখি ফেন্সিডিল ভর্তি দুইটি পলিথিন ব্যাগ নিয়ে টিপু সেখানে অবস্থান করছে। তখন তাকে চ্যালেঞ্জ করা হলে সে নিজ হেফাজতে পলিথিন ব্যাগে ফেন্সিডিল আছে বলে স্বীকার করে। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
আটক টিপু নিজেকে বহনকারী হিসেবে দাবী করে জানায়, বগুড়া শহরের জয়পুর মহল্লার আব্দুল কুদ্দুছের ছেলে আব্দুল মতিন ড্রাইভার এই ফেন্সিডিলের মালিক। সে হিলি স্থলবন্দর থেকে বগুড়া, ঢাকায় আমদানিকৃত পণ্য পরিবহন করার সময় ওই পণ্যবাহী ট্রাকে ফেন্সিডিল পাচার করে নিয়ে যায়। সে দীর্ঘদিন ধরে ফেন্সিডিল পাচারের সঙ্গে জড়িত।
ইত্তেফাক/নূহু