বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নষ্ট এসি মেরামত না করায় কোটি টাকা মূল্যের দুটি অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিন নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
এক্সরে বিভাগের দায়িত্বে থাকা রেডিওলোজি আ. গাফ্ফার জানান, এক্সরে মেশিন চালু করার পরে মেশিনে যে গরম সৃষ্টি হয় তা নিয়ন্ত্রণ করার জন্য এক্সরে কক্ষে এসি ব্যবহার করা হয়। কিন্তু দীর্ঘ প্রায় এক যুগ আগে নষ্ট হয়ে যাওয়া এসি মেশিনটি মেরামত না করার ফলে প্রায়ই কোটি টাকা মূল্যের ডিজিটাল এক্সরে মেশিন নষ্ট হয়ে যায়। তিন মাস আগে ১২ লাখ টাকা ব্যয় করে এক্সরে মেশিন মেরামত করাতে হয়েছে বলেও তিনি জানান। এসি ছাড়া এভাবে ব্যবহার করার ফলে এক্সরে মেশিন স্থায়ীভাবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের যথাযথ চিকিত্সা সেবা নিশ্চিত করতে একটি ডিজিটাল এক্সরে মেশিন কিনে দেন। এসি মেরামত না করায় এক্সরে মেশিন দুটি নষ্ট হওয়ার উপক্রম হওয়ার খবরে তিনি ক্ষোভ প্রকাশ করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান।
অপরদিকে মাতৃ প্রসূতি সেবায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি মেশিন নষ্ট থাকার কারণে দরিদ্র রোগীরা স্বল্প মূল্যে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে প্রসূতি ও জরুরি রোগীরা এর সুফল পাচ্ছেন না। তবে দীর্ঘদিনেও জনগুরুত্বপূর্ণ এসব মেশিন মেরামত না করার কারণ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ডায়াগনোষ্টিক সেন্টারে রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করতে পাঠালে সেখান থেকে কমিশন পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারিয়া হাসান জানান, এগুলো মেরামত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইত্তেফাক/নূহু