পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার সন্ধ্যায় তুষখালী লঞ্চঘাটে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে মঠবাড়িয়া থানার ওসি কে. এম তারিকুল ইসলামসহ এক ব্যবসায়ী আহত হয়েছেন। পুলিশ সংঘর্ষে জড়িত ১২জনকে আটক করেছে।
সম্প্রতি তুষখালীর বিএনপি নেতা হাবিব তালুকদার হত্যাকাণ্ডের জের ধরে শনিবার রাতে দুই পক্ষে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হামলায় আহত ব্যবসায়ী সলিম পঞ্চায়েতকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া হাতে লাঠির আঘাতে আহত থানার ওসি তারিকুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ সংঘর্ষের পর রাতে তুষখালীতে পুলিশী টহল জোরদার করা হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ কর্মকর্তা আহত এবং সরকারী কাজে বাঁধাদানের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু