মাগুরার শালিখা উপজেলার মশাখালী গ্রামে মাত্র ১ কিলোমিটার রাস্তা না থাকায় ভোগান্তিতে পড়ছে স্কুলের ছাত্রছাত্রীসহ কমপক্ষে গ্রামবাসী। বর্ষায় কাদাপানি আর শুষ্ক মৌসুমে ধুলোর কারণে এ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে আছে। ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের অধীন এ রাস্তাটি সংস্কারের জন্য তারা বিভিন্ন সময় দাবী তুললেও তা আজো বাস্তবায়িত হয়নি। এলাকাটি অপেক্ষাকৃত গরীব মানুষের বসবাসের কারণেই এ এলাকার প্রতি তেমন নজর নেই নেতাদের বলে দাবী করেছেন স্থানীয়রা।
গ্রামের বাসিন্দা মোকাম্মেল দফাদার, কাজল হোসেনসহ একাধিক ব্যক্তি জানান- তার বাড়ি থেকে স্থানীয় মসজিদ পর্যন্ত মাত্র এক কিলোমিটার রাস্তা সরা বছরই চলাচলে অনুপযুক্ত থাকে। রাস্তাটি দিয়ে এ এলাকার অন্তত ৩ হাজার মানুষ সিংড়া বাজারসহ উপজেলা শহরে যাতায়াত করেন। শিশুসহ স্থানীয় ছাত্রছাত্রীরা স্কুল কলেজ যাতায়াতেরও এটি একমাত্র রাস্তা। এলাকার কৃষি পণ্য পরিবহনেও রাস্তাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এ রাস্তাটির উন্নয়নে কেউ এগিয়ে আসেনি।
এব্যাপারে ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমল শিকদার জানান- রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যে ইস্টিমেট করা হয়েছে। আগামী শুষ্ক মৌসুমেই রাস্তার কাজ করা হবে।
সম্প্রতি বিষয়টি নজরে আনলে মাগুরার জেলা প্রশাসক মুহাম্মদ আতিকুর রহমান জানান, রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার জন্য একজন অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব দেয়া হয়েছে। আশাকরি বিষয়টি দ্রুত সুরাহা হবে।
ইত্তেফাক/এমআর