কুষ্টিয়ায় শ্বশুরবাড়ি গিয়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর নদীতে ভেসে উঠলো প্রবাসী রাকিবুলের লাশ। রবিবার সকালে বাদবাজারের কাছে কালিগঙ্গা নদীতে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রাকিবুলের পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা এসে রাকিবের লাশ সনাক্ত করে।
জানা যায়, কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর স্কুলপাড়া গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে রাকিবুল (৩২) গত দুমাস আগে মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে আসেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি পাশের গ্রাম কাঞ্চনপুরে শ্বশুরবাড়িতে যান। এরপর আর তিনি বাড়ি ফিরে না আসায় তাকে পরিবারের লোকজন খুঁজতে থাকে। পরের দিন থানায় একটি সাধারণ ডাইরি করেন।
রাকিবুলের ছোট ভাই রকিব জানান, ঘটনার দিন সন্ধ্যায় রাকিবুল তার মোটরসাইকেল নিয়ে শ্বশুরবাড়ি যায়। কিছু সময় পরে বাদবাজার এসে ছোট ভাইকে মোটরসাইকেল দিয়ে আবার শ্বশুরবাড়িতে চলে যান। এরপর রাত ১০ টার দিকে রাকিবুল ফোন দিয়ে জানায়, তিনি বাড়িতে আসবেন না। কিছু সময় পরই তার মোবাইল বন্ধ হয়ে যায়। এতে দুঃচিন্তায় পরে পরিবারের সদস্যরা। পরে রাকিবের খোঁজে শ্বশুরবাড়িতে ফোন দিলে সেখান থেকে জানানো হয়, রাকিবুল বেশ কিছু সময় আগেই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় লালন ও সোহেল নামের দুজন আটক করেছে পুলিশ।
ইত্তেফাক/এএম।