যৌথ দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি এবং মোকাবেলার উদ্যোগ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সামরিক-বেসামরিক দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি এবং মোকাবেলার উদ্যোগে ‘প্যাসিফিক রেজিলিয়েন্স ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ’ (ডিআরইই) এর উদ্বোধন ঘোষণা করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সেনাবাহিনী। তাদের যৌথ এই অনুশীলন ৮ থেকে ১২ই অক্টোবর ঢাকায় এবং ময়মনসিংহে অনুষ্ঠিত হবে। 
  
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, ‘দুর্যোগ প্রস্তুতি জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার এবং বাংলাদেশী অংশীদারদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগকে আমরা স্বাগত জানাই।’ বাংলাদেশ ডিআরইই এর লক্ষ্য থাকবে ঢাকার জন্য ভূমিকম্প মোকাবেলা করার পরিকল্পনা এবং সরবরাহ কাজের ও জরুরী চিকিৎসায় নিয়োজিত অংশগ্রহণকারীদেরকে একত্রিত করা। 
 
অংশগ্রহণকারীরা যোগাযোগ এবং সমন্বয় উন্নত করতে পরিকল্পনা ও প্রক্রিয়া পর্যালোচনা করবে। ডিআরইই’তে ৩৫০ জন অংশগ্রহণকারী ‘টেবল-টপ’ অনুশীলনে অংশ নেবেন এবং ১ হাজার ১শ’ অংশগ্রহনকারী মাঠ পর্যায়ের অনুশীলনে অংশগ্রহণ করবেন। এই অনুশীলনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বাংলাদেশী ও আন্তর্জাতিক সরকারি ও বেসরকারি সংস্থাসমূহের অংশগ্রহণ থাকবে।   
 
ইত্তেফাক/সেতু