খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনপত্র অনলাইনে গ্রহণ শেষ হচ্ছে আগামীকাল সোমবার। আগামী ১১ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এসএম আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৮ টা থেকে ১০ টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা, দুপুর ১২ টা থেকে দেড়টা টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং সমাজ বিজ্ঞান স্কুলের পরীক্ষা এবং বিকেল ৩ টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীন কলা ও মানবিক স্কুল, আইন স্কুল এবং চারুকলা ইনস্টিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ৬টি স্কুল এবং একটি ইনস্টিটিউটকে তিনটি ইউনিটে ভাগ করে একইদিনে তিন ধাপে পরীক্ষা নেয়া হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ku.ac.bd) এবং kuadmission.online এ পাওয়া যাবে।
এছাড়া ভর্তিসংক্রান্ত যে কোনো তথ্য সংশ্লিষ্ট স্কুলের ডিন/ইনস্টিটিউটের পরিচালকের অফিস থেকে জানা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ইত্তেফাক/কেকে