‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে বাজেটে ১৫ ভাগ স্যানিটেশনে ব্যয় করতে হবে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে বাজেটে ১৫ ভাগ স্যানিটেশনে ব্যয় করতে হবে। উন্নত জাতি হিসেবে আত্মপ্রকাশের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের কোন বিকল্প নেই।
 
আজ রবিবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে ‘জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর - ২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ, এমপি এবং ইউনিসেফ-এর বাংলাদেশ প্রতিনিধি মি. এডওয়ার্ড বিগবেডার।
 
খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে একসময় শতকরা ৯০ ভাগ লোক উন্মুক্ত স্থানে মলত্যাগ করতো। তখন কলেরা, ডায়রিয়া সহ নানা ধরণের রোগ মহামারী আকারে দেখা দিত। সরকারের আন্তরিক প্রচেষ্টায় উন্মুক্ত স্থানে মলত্যাগ এখন শতকরা ১ ভাগেরও কম। ২০৩০ সালের মধ্যে আমরা শতভাগ স্বাস্থ্যকর স্যানিটেশন নিশ্চিত করবো।
 
তিনি বলেন, ‘পয়ঃবর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভাবনা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথভাবে এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে স্যানিটেশনের লক্ষ্য অর্জনের গতি আরও বেগবান হবে। বাসস।
 
ইত্তেফাক/এমআই