চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজ গেট এলাকা থেকে রবিবার ভোরে ৩০হাজার পিস ইয়াবাসহ তিন পাচারকারী যুবককে আটক করেছে পুলিশ। এসময় পাচার কাজে ব্যবহৃত দুটি মোটর সাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মো. মিয়ার ছেলে নুরুল আলম (৪২), শামসুল হকের ছেলে আরিফুল হক (৩০) ও জাফর আহমদের ছেলে মহিউদ্দিন (৪২)। এরা সবাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকার বাসিন্দা।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট মো. নুরে আলম বলেন, টহলরত পুলিশ রাত দুইটার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম-মুখী দুইটি নম্বরবিহীন মোটর সাইকেল থামানো হয়। এসময় কথাবার্তা অসংলগ্ন মনে হলে তাদের দেহ ও মোটর সাইকেল তল্লাশি চালানো হয়। মোটর সাইকেলের তেলের ট্যাংকির নিচে একটি বিশেষ বক্সে পলিথিন মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। পরে তাদের আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরো বলেন, 'আটক যুবকরা কক্সবাজার থেকে ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।'
ইত্তেফাক/জামান