ভোলার মনপুরার মেঘনায় স্রোতের কবলে পড়ে গবাদি পশুর খাদ্য (ঘাস/ উড়ি) বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা আটজনের নিখোঁজের খবর পাওয়া গেছে। ট্রলার ডুবির ঘটনা কোস্টগার্ড জানতে পেরে বিকেল ৫ টায় উদ্ধার অভিযান চালিয়ে ডুবে যাওয়া নিখোঁজ আটজনকে কোস্টগার্ড উদ্ধার করে।
রবিবার সাড়ে ৩ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের পশ্চিম পাশে চর নজরুল থেকে গবাধি পশুর খাদ্য বোঝাই ট্রলার ফেরার পথে চর শাসুদ্দিন সংলগ্ন পূর্বপাশের মেঘনায় এই দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকৃত কৃষকরা হলেন- রাশেদ, ভারত চন্দ্র দাস, নির্মল ঠাকুর, শফিউল্লাহ, দিলিপ, নুরুল ইসলাম, কাশেম, যাদব চন্দ্র দাস। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর ও চরযতিন গ্রামে।
উদ্ধারকৃত রাশেদ, ভারত চন্দ্র দাস ও শফি উল্লাহ বলেন, চর নজরুল থেকে ট্রলারে ঘাস বোঝাই করে ফেরার পথে প্রবল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়। পরে কোস্টগার্ড আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে।
মনপুরা মৎস্য অভিযানে দায়িত্বে থাকা কোস্টগার্ডে কন্টিজেন্ট কমান্ডার মো. মাহবুব আলম জানান, খবর পেয়ে দ্রুত কোস্টগার্ডের টিম ডুবে যাওয়া ট্রলারসহ আটজনকে নদী ও বিভিন্ন চর থেকে বিকেল ৫ টায় উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃতদের হাজিরহাট ঘাটে এনে আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ইত্তেফাক/কেকে