জাপার সঙ্গে সংলাপ সোমবার, অংশ নিবেন এরশাদ

সোমবার নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন জাতীয় পার্টি-জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আয়োজিত ধারাবাহিক সংলাপে অংশ নিতে আগারগাঁও নির্বাচন ভবনে আসবেন এরশাদ। সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হবে। 
 
নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান ইত্তেফাককে বলেন, এইচ এম এরশাদের নেতৃত্বে ২৫ সদস্য প্রতিনিধি দল সংলাপে অংশ নিবে বলে জানিয়েছে। 
 
রবিবার পর্যন্ত ২৫টি দলের সঙ্গে মতবিনিয় করেছে কমিশন। ৯ অক্টোবর জাতীয় পার্টি-জাপা; ১০ অক্টোবর সকালে বিকল্পধারা বাংলাদেশ, বিকালে ইসলামী ঐক্যজোট-পুননির্ধারিত; ১১ অক্টোবর সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকালে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি; ১২ অক্টোবর সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিকালে গণতন্ত্রী পার্টি।
 
১৫ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি; ১৬ অক্টোবর সকালে কৃষক শ্রমিক জনতা লীগ, বিকালে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল); ১৮ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগ; ১৯ অক্টোবর সকালে জাতীয় পার্টি-জেপি, বিকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি এর সঙ্গে ইসির মতবিনিময়ের কথা রয়েছে। এছাড়াও ২২ অক্টোবর পর্যবেক্ষক সংস্থা; ২৩ অক্টোবর নারী নেত্রী ও ২৪ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের মতবিনিময়ের কথা রয়েছে। 
 
ইসি ঘোষিত কর্মপরিকল্পনা নিয়ে এর আগে গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধি এবং ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে কমিশন।
 
ইত্তেফাক/এমআই