সুজানগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৩

 
পাবনা-নগরবাড়ি মহাসড়কের আলাদীপুর নামক স্থানে সোমবার পিকআপ ভ্যান ও  ট্রলি গাড়ীর সংঘর্ষে ১জন নিহত ও ৩জন আহত হয়েছে। এছাড়া এদিন ওই সড়কের চরচিনাখড়া নামক স্থানে আরিফ পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে সড়কের পাশে পড়ে গিয়ে অন্তত ১০জন যাত্রী আহত হয়েছে। নিহত ব্যক্তি হলো, সাঁথিয়া উপজেলার  রাজাপুর গ্রামের কানু শেখের ছেলে আবুল কালাম (৪৫)। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 
 
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি আনোয়ার হোসেন জানান, সকাল ৯টার দিকে বনগ্রাম থেকে আসা একটি বালু ভর্তি ট্রলি আলাদীপুর নামক স্থান দিয়ে সড়ক অতিক্রম করছিল। এ সময় কাশীনাথপুর থেকে পাবনাগামী একটি পিকআপ ভ্যানের সাথে ট্রলিটির সংঘর্ষ হয়। এতে ট্রলিতে থাকা বালু ব্যবসায়ী আবুল কালাম ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় ট্রলির চালক ও হেলপার এবং পিআপের চালক আহত হয়। এ ব্যাপারে আমিনপুর থানায় একটি মামলা হয়েছে। তবে নিহতদের পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এদিন সকাল সাড়ে ৯টার দিকে একই সড়কের চরচিনাখড়া নামক স্থানে ঢাকা থেকে পাবনাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে সড়কের পাশে পড়ে গিয়ে অন্তত ১০জন যাত্রী আহত হয়।
 
ইত্তেফাক/এমআর