ঘোড়াঘাটে বিশেষ টিআর প্রকল্পের ৩ টন গম আত্মসাৎ

চলতি বছর উপজেলার ঋষিঘাট শফিউল আলম দাখিল মাদ্রাসার সংস্কার কাজের জন্য বিশেষ টিআর প্রকল্পে ৩ টন গম বরাদ্দ হয়। বরাদ্দকৃত গমের কোনো কাজ না করে প্রকল্প চেয়ারম্যান মাদ্রাসার সুপার আ. মজিদের বিরুদ্ধে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
 
বাংলাদেশ সরকার দেশের উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ মসজিদ, মন্দির, গীর্জাসহ বিভিন্ন সংস্কার কাজের উন্নয়নে ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিশেষ টিআর প্রদান করেন। এ প্রকেল্পর ধারাবাহিকতায় ঘোড়াঘাট উপজেলা সিংড়া ইউনিয়নে ঋষিঘাট শফিউল আলম দাখিল মাদ্রাসায় সংস্কার কাজের জন্য তিন টন গম বরাদ্দ দেয়া হয়।
 
অভিযোগ উঠেছে, বরাদ্দকৃত গম ৩ কিস্তিতে প্রকল্প চেয়ারম্যান মাদ্রাসার সুপার আ. মজিদ উত্তোলন করেন। উত্তোলনকৃত গমের সরকারি মূল্য ৮৫ হাজার ৫০০ টাকা। এ টাকার মধ্যে প্রকল্প চেয়ারম্যান একটি টাকাও খরচ না করে ভুয়া ভাউচারের মাধ্যমে আত্মসাত্ করে ভুয়া মাস্টার রোল জমা দিয়েছে উপজেলা প্রকল্প অফিসে।
 
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন থেকে সুপার মাদ্রাসার ব্যাপক অনিয়ম করে আসলেও একটি অশুভ শক্তিকে হাতে এসব দূর্ণীতি করে আসছে। এ ব্যাপারে কেউ মুখ খুলতে চাইলে সুপার অসত্ ব্যক্তিদের সহযোগিতায় বিভিন্ন হুমকি দিয়ে থাকে, ফলে ওই সব অবহেলিত পলি এলাকার লোকজনরা মুখ খুলতে সাহস পায় না। এ ব্যাপারে তার সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
 

ইত্তেফাক/এএম।