পাবনার সুজানগর থানা পুলিশ মৎস্যজীবীদের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় চার মণ মা ইলিশ মাছ উদ্ধার করেছে। রবিবার সন্ধ্যা রাতে উপজেলার চরভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে ওই মাছ উদ্ধার করা হয়।
সংশিষ্ট সূত্র জানায়, চলতি প্রজনন মৌসুমে ইলিশ মাছ শিকারের ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ওই গ্রামের চারজন অসাধু মৎস্যজীবী নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদী থেকে মা ইলিশ শিকার করে বাড়িতে মজুত করে। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম ও উপজেলা মৎস্য অফিসার আতিয়ার রহমানের নেতৃত্বে ওই চার মৎস্যজীবীর বাড়িতে অভিযান চালিয়ে চারটি প্যাকেটে বরফজাত করা অবস্থায় প্রায় চার মণ মা ইলিশ উদ্ধার করা হয়।
তবে এ সময় মৎস্যজীবীরা বাড়িতে না থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ হয়।
ইত্তেফাক/এমআর