ভারতের রাজধানী নয়াদিল্লীর কাছে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে চার শিক্ষার্থী নিহত ও আরো ছয়জন আহত হয়েছে। সোমবার স্থানীয় পুলিশের বরাতে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।
সিনিয়র এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘খেলাধুলার কাজে ব্যবহৃত একটি গাড়িতে করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার সময় নয়াদিল্লীর ২৫ কিলোমিটার দূরে যমুনা মহাসড়কে রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।’
তিনি জানান, এতে ২০ বছর বয়সের চার শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারায়। আহতদের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক বলে জানানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাককে অতিক্রম করার সময় টায়ার ফেটে যাওয়ায় বাসটির নিয়ন্ত্রণ হারানোয় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ১০শিক্ষার্থীর একজন গাড়িটি চালাচ্ছিল। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু