চ্যা ম্পি য় ন্স লি গ
পোর্তোর মুখোমুখি সালাহরা
স্পোর্টস ডেস্ক
ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আজ মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের আতিথ্য নিতে যাচ্ছে। সিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন খেলাটির প্রাক্কালে জানালেন বিপক্ষ টটেনহ্যাম নতুন স্টেডিয়ামে উঠলেও বাড়তি কোনো সুবিধা পাবে না। তাই দলকে নির্ভার থাকার তাগিদই দিলেন তিনি। এদিকে প্রতিযোগিতার অন্য ম্যাচে লিভারপুল নিজেদের মাঠে খেলবে পোর্তোর বিপক্ষে।
গেল ফেব্রুয়ারিতে ঘরোয়া প্রথম শিরোপা কারাবাও কাপ জেতা সিটির এবার সুযোগ আছে প্রথম ইংলিশ দল হিসেবে সম্ভাব্য সব শিরোপা জয়ের।
আজ টটেনহ্যামের মাঠে খেলতে যাওয়ার আগে দলের বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইন অবশ্য জানিয়েছেন সে জন্য স্বপ্ন দেখছে না তার দল। ব্যস্ত সূচিই সে স্বপ্ন দেখার ফুরসত দিচ্ছে না দলকে। তিনি বলেন, ‘আমাদের সামনে বেশ ব্যস্ত এক সূচি। যেখানে প্রতি তিন দিনেই মাঠে নামতে হচ্ছে আপনাকে, সেখানে আপনি কিভাবে মৌসুমের শেষ নিয়ে ভাবতে পারেন?’
নতুন মাঠে আসাকে টটেনহ্যাম কোচ মরিসিও পচেত্তিনো নব যুগের সূচনা হিসেবে দেখলেও এই মিডফিল্ডার মনে করেন নতুন মাঠে কোনো বাড়তি সুবিধা পাবে না টটেনহ্যাম। ব্রুইনের ভাষায়, ‘ওয়েম্বলিতে হোক কিংবা তাদের নতুন স্টেডিয়াম; কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করি না। ’
তিনি আরো বলেন,‘সম্ভবত তারা নতুন মাঠে খেলবে বলে একটু উত্তেজিত কিন্তু দিনশেষে এটা একই। সেখানে ষাট হাজার লোক থাকবে তাদের জন্য। আমরা যখন ঘরের মাঠে খেলি তখনো আমাদের সমর্থক থাকে।’
সিটি কোচ গার্দিওলার বক্তব্যেও ঘুরেফিরে উঠে এলো টটেনহ্যামের নতুন স্টেডিয়াম। স্প্যানিশ এই কোচ মনে করেন নতুন মাঠ সমর্থকদের উপর প্রভাব ফেললেও মাঠের খেলায় এর ছাপ পড়বে না মোটেও। তিনি বলেন, ‘এটা ভক্তদের উপর প্রভাব ফেলে, মাঠে নয়। এখানে টটেনহ্যামের দ্বিতীয় ম্যাচ এটি। আমরা জানি, কিসের মুখোমুখি হতে যাচ্ছি। আমাদের এসব মুহূর্ত সামলাতে জানতে হবে। যদি ব্যর্থ হই তাহলে তার কারণ হবে আমাদের প্রস্তুতির ঘাটতি।’
এদিকে এই ম্যাচে আগ্রাসী ফুটবল খেলার ঘোষণা দিয়েছেন টটেনহ্যাম কোচ মরিসিও পচেত্তিনো। তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের আগ্রাসী ফুটবলের কথা তারা জানে। আগামীকালও আমরা আগ্রাসী ফুটবলই খেলবো এবং তাদের হারানোর চেষ্টা করবো।’
প্রতিযোগিতার অন্য ম্যাচে লিভারপুল খেলবে পর্তুগিজ দল পোর্তোর বিপক্ষে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচম্যাচের সবকটিতেই জয়লাভ করা উজ্জীবিত লিভারপুলের লক্ষ্য থাকবে সংখ্যাটা ছয়ে উন্নীত করার। এ মৌসুমে ঘরের মাঠ অ্যানফিল্ডে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের কোনোটিতেই হারেনি ক্লপের শিষ্যরা, তিনটি জয়ের বিপরীতে ড্র করেছে এক ম্যাচে।
এদিকে গেলবারের আসরে দশ গোল করে দলের ফাইনাল যাত্রার প্রধান সারথি মোহামেদ সালাহ দীর্ঘ আট ম্যাচের গোল খরা কাটিয়েছেন গেল প্রিমিয়ার লিগ ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে। এই ব্যাপারটিও অনুপ্রেরণা জোগাবে ক্লপের দলকে। তবে শেষ পাঁচ ম্যাচের সবকটিতে জয় পেলেও প্রতিটি ম্যাচেই গোল হজম করতে হয়েছে ক্লপের দলকে। চলতি চ্যাম্পিয়ন্স লিগের বিগত ম্যাচগুলো মাথায় রাখলে যা বেশ বিপজ্জনক হয়ে উঠতে পারে ক্লপের দলের জন্য।