‘রাশিয়া ও বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী’

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া ও বাংলাদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।
 
সোমবার দু’দেশের সুপ্রিমকোর্টের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চুক্তিতে ই-জুডিশিয়ারিসহ বিচার বিভাগের প্রশাসন ব্যবস্থাপনায় রাশিয়া সুপ্রিমকোর্টের সঙ্গে বাংলাদেশ সুপ্রিমকোর্টের পারস্পারিক সহযোগিতার বিষয় রয়েছে বলে সূত্র জানায়। 
 
সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। চুক্তিতে সই করেন সফররত রাশিয়ান প্রধান বিচারপতি ভাইচেস্লাভ লেবেদভ ও বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। এ সময় আরো উপস্থিত ছিলেন- আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বাংলাদেশে কর্মরত রাশিয়ার রাষ্ট্রদূত, রাশিয়ার প্রধান বিচারপতির সঙ্গে সফররত প্রতিনিধি দলের সদস্যরা। 
 
রবিবার তিন দিনের সফরে ঢাকায় আসেন রাশিয়ান প্রধান বিচারপতি। সফরসঙ্গী রয়েছেন আরও তিনজন। সফর সূচি অনুযায়ী সোমবার বাংলাদেশ সুপ্রিমকোর্টের সঙ্গে সমঝোতা চুক্তি হয়। এরপর আপিল বিভাগের বিচার কার্যক্রম প্রত্যক্ষ করেন তিনি।
 
ইত্তেফাক/এমআই