১৫ এপ্রিল ভারতের দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপকে সামনে রেখে দল প্রায় গুছিয়ে এনেছে ভারত। ভারতীয় গণমাধ্যমের দাবি প্রধান নির্বাচক এমএসকে প্রসাদের নেতৃত্বে আগামী ১৫ এপ্রিল বিশ্বকাপের দল ঘোষণা করবে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ইংল্যান্ড ও ওয়েলসে বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। ভারতের বিশ্বকাপ অবশ্য একটু দেরিতেই শুরু হবে। আগামী পাঁচ জুন তাদের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি দল ঘোষণার জন্য আগামী ২৩ এপ্রিলের ‘ডেডলাইন’ আগেই দিয়ে রেখেছে। বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে ভারতকেও অন্যতম ফেবারিট হিসেবে স্বীকৃতি দিচ্ছেন ক্রিকেট বোদ্ধারা।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের (সিওএ) সদস্যরা বিসিসিআইয়ের সঙ্গে দল গঠনের ব্যাপারে গতকাল সোমবার বৈঠক করেছে। সেখানেই ১৫ তারিখ দল ঘোষণার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআই-এর এক শীর্ষ কর্মকর্তাই এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি দল চূড়ান্ত করতে এদিন মুম্বাইয়ে মিলিত হবে। সেদিনই চূড়ান্ত দল ঘোষণা করে দেওয়া হবে। দল কেমন হবে সেই ব্যাপারে ধারণা দিয়ে রোহিত শর্মা বলেন, ‘আমার ধারণা অধিকাংশ খেলোয়াড় নির্বাচনের কাজ শেষ। কয়েকটা জায়গায় এখনো সুরাহা করা যায়নি। সেসব ব্যাপারে আমরা অধিনায়ক, কোচ ও নির্বাচকদের দিকে তাকিয়ে আছি। তারা বাড়তি একজন স্পিনার না বাড়তি একজন পেসার কিংবা বাড়তি একজন মিডল অর্ডার ব্যাটসম্যান, ওপেনার নিয়ে যেতে চান কি না-এগুলো তাদের ব্যাপার।’ দল গঠনে ইংল্যান্ডের কন্ডিশনও মাথায় রাখা হবে বলে মন্তব্য করলেন তিনি, ‘দল গঠনের কিছু কিছু ব্যাপার ইংল্যান্ডের কন্ডিশনের ওপরও নির্ভরশীল। যখন শেষবার আমরা ইংল্যান্ড গিয়েছিলাম, তখন আবহাওয়া অনেক শুষ্ক ছিল। এবার কেমন হবে আমরা জানি না। এবারো তেমন হলে একজন বাড়তি স্পিনার নেওয়া ভালো, না হলে বাড়তি একজন পেসার।’

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিরাট কোহলির অধিনায়কত্বের অবস্থা একদমই যাচ্ছেতাই। ছয় ম্যাচের সবগুলোতেই হেরেছে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে, বোর্ডের ভেতরের খবর হলো দল গঠনে অধিনায়ক কোহলির এই পারফরম্যান্স মাথায় রাখা হবে না। কোহলিই অধিনায়ক থাকছেন। বরাবরের মতো তার ডেপুটি হিসেবে থাকবেন রোহিত শর্মা। কোহলিকে সরিয়ে রোহিতকে অধিনায়ক করার গুঞ্জন তাই ধোপে টিকছে না। দল ঘোষণার আগে ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম চার নম্বর পজিশন। এই পজিশনে কে ব্যাট করবেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। একেকজন একেকরকম মত দিচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে চার নম্বরে ব্যাট করে ব্যর্থ হয়েছেন আম্বাতি রাইডু। তাই, তালিকায় রাখা হয়েছে লোকেশ রাহুল ও ঋশাভ পান্তের নাম।

পান্তের ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। তিনি বলেন, ‘আমি হলে ঋশাভকেই চারে খেলাতাম। ও নিজের প্রতিভা নিয়ে ম্যাচটা জিতে ফিরতে পারবে।’ সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে চার নম্বরে ব্যাট করেছেন কোহলি। তবে, বিশ্বকাপে তার তিনে খেলার সম্ভাবনাই বেশি।