পায়রা বন্দরের ভূমি অধিগ্রহণের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
আজ সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত পায়রা বন্দর কর্তৃপক্ষের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভায় এ নির্দেশনা দেন।
সভায় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহাদৎ হোসেন, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর মো. জাহাঙ্গীর আলম এবং পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর এম সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, পায়রা বন্দরের জন্য এ পর্যন্ত ২২০ দশমিক ৬৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সরকার কর্তৃক ১ হাজার ৫৪৩ দশমিক ৪৪ একর জমি অধিগ্রহণের অনুমোদন পাওয়া গেছে। ভূমি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে এক হাজার ৫৬৩ দশমিক ৮৫ একর এবং পটুয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রক্রিয়াধীন রয়েছে ২ হাজার ৯৩১ দশমিক ৮৪ একর জমি। অধিগ্রহণকৃত ১৬ একর জায়গায় পায়রা বন্দরের প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে।প্রশাসনিক ভবনের ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বাসস
ইত্তেফাক/কেকে