ময়মনসিংহে আরামবাগের জয়

স্পোর্টস রিপোর্টার

ময়মনসিংহে নিজেদের ভেন্যুতে আরামবাগ আরো একটি জয় পেয়েছে। এবার আরামবাগ ২-১ গোলে হারিয়েছে বিজেএমসিকে। প্রথমার্ধের ৪ মিনিটে পলএমিলি এবং ৮ মিনিটে রবিউল হাসান গোল করেন। খেলার শেষ দিকে, ৮১ মিনিটে বিজেএমসির স্যামসন ইলুয়াসু গোল করে হারের ব্যবধান কমান ১-২। আরামবাগ পয়েন্ট টেবিলে খুব ভালো অবস্থানে রয়েছে। ১১ খেলায় ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। ১ পয়েন্ট উপরে রয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। আরো ১ পয়েন্ট রয়েছে শেখ রাসেল। আমরাবগ কোচ মারুফুল হক তাকিয়ে আছেন সাইফ এবং শেখ রাসেল যদি পয়েন্ট হারায় এবং নিজেরা যদি শেষ খেলায় ব্রাদার্সকে হারাতে পারে তাহলে প্রথম পর্বের অবস্থানটা আরো ভালো হবে।

বিজেএমসি শুরু থেকেই হতাশার পথে হাঁটছে। একের পর এক হারের কারণে তারাও যেন দিশেহারা। মোহামেডান ছেড়ে যাওয়া কোচ আলী আজগর নাসির মাত্রই দায়িত্ব নিয়েছেন। কাল প্রথম ম্যাচ শেষ করলেন মাত্র। শেখ রাসেলের বিপক্ষে শেষ খেলা লিগের প্রথম পর্বে। এরপর ছুটি থাকবে। সেই সময় এ দলটাকে নতুন করে নিজের মতো করে গুছিয়ে নিতে চান। বিজেএমসির পয়েন্ট এখন ১০ খেলায় ৩।