ওয়ারী আবাসিকে বাণিজ্যিক স্থাপনা অপসারণের নির্দেশ

রাজধানী ওয়ারীর আবাসিক এলাকার বাণিজ্যিক ব্যবহার অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একইসঙ্গে উক্ত এলাকায় যেসব বাণিজ্যিক স্থাপনা রয়েছে তা দশ মাসের মধ্যে অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সোমবার এই রায় দেন। 
 
ওয়ারীর আবাসিক এলাকার বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিনা বেগম। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১৫ সালে রুল জারি করে। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট এ রায় দেয়। 
 
রায়ের পর রিটকারীর আইনজীবী ব্যারিস্টার মাসুদ আহমেদ সায়ীদ ইত্তেফাককে বলেন, ওয়ারী একটি আবাসিক এলাকা। আইন লংঘন করে এটিকে বাণিজ্যিক হিসাবে ব্যবহার করা হচ্ছে। ফলে এই এলাকার যে ঐতিহ্য রয়েছে সেটা বিনষ্ট হচ্ছে। এ কারণেই এ রিট করা হয়েছিল।
 
ইত্তেফাক/এমআই