নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার সময় ভেড়ামারা প্রান্তের পশ্চিম বাহিরচর ১২ মাইল ও মসলেমপুর এলাকার চার জেলেকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার সন্ধ্যার পর ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের হার্ডিঞ্জ ব্রিজের পূর্ব পাশে অভিযানে চালিয়ে এই জেলেদের আটক করে পুলিশ। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক এই অভিযানে নেতৃত্ব দেন।
আটককৃত জেলেদের মধ্যে রয়েছে- ভেড়ামারা পশ্চিম বাহির চর ১২ মাইল এলাকার শরিফুল ইসলাম (৩৬), আশরাফুল ইসলাম (২১), শেখ জাফর (৩১) ও মসলেমপুর এলাকার গফুর (৪১)।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, পাকশী পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ইলিশ ধরার কাজে ব্যবহৃত কারেন্ট জাল জব্দ করা হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, ইলিশের প্রজনন মৌসুম ১ অক্টোবর থেকে ২২শে অক্টোবর পর্যন্ত। এই ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, বিপনন, মজুদ ও বাজারজাত নিষিদ্ধ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা যাতে ইলিশ শিকার করতে না পারে সেজন্য প্রতিদিনই পুলিশ ও মৎস্য বিভাগের লোকজনের সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/কেকে