পুজায় বাবার বাড়ি বেড়াতে এসে দেশে ফিরে যাওয়ার সময় আটক হলেন ভারতের উত্তর প্রদেশের বাড়ালি জেলার সাই থানার বাসাইল গ্রামের কমলা দেবী। একইসঙ্গে তার সঙ্গে আটক হন তার ভাগিনি, ভাগিনি জামাইসহ ছেলে-মেয়ে নাতী-নাতনি। আজ সোমবার দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের মংলা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন কমলা দেবীর মেয়ে আস্থা (৩) ও আরতী (১)। তার জামাই চরণ সিং (৪০), চরণ সিংয়ের স্ত্রী শ্রীমতি শিল্পী রানী (৩০), মেয়ে কারিনা (৯), খশবু (৪), ছেলে সচিন (৭) ও নিতিন (২)। এরা সবাই ওই গ্রাম ও জেলার বাসিন্দা।
জয়পুরহাট- ২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে মংলা বিশেষ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল আলম জানান, ভারতীয় কয়েকজন নারী-পুরুষ ও শিশু ভারতে অবৈধভাবে প্রবেশের জন্য মংলা সীমান্তের ২৮৭ মেইন পিলারের কাছে এসে জড়ো হয়। এ সময় গোপন সংবাদ পেয়ে তার নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে তাদের পরিচয় জানতে চাইলে তারা ভারতীয় বলে জানায়। তখন তাদের আটক করে ক্যাম্পে আনা হয়। এ ব্যাপারে হাবিলদার বাদী হয়ে বিকেলে হাকিমপুর থানায় পাসপোর্ট আইনে মামলা করা করেছে। মামলা-১৩।
এদিকে কমলা দেবী জানান, এবার বাবার বাড়ি বাংলাদেশের জয়পুরহাট জেলার কালাই উপজেলার বালিগ্রামে পুজা করার জন্য গত ১৫ সেপ্টেম্বর ওই সীমান্তে এলে বিজিবির এক লাইনম্যান তাদের কাছ থেকে ১১ হাজার টাকা নিয়ে পার করে দেয়। তখন তার সঙ্গে আমার দুই মেয়ে এবং বোনের মেয়ে-জামাই ও তাদের চার ছেলে-মেয়ে আসে। আজ ফিরে যাওয়ার সময় ওই লাইনম্যান আবার বিজিবির কথা বলে ১৫ হাজার টাকা নেয়। ওই লাইনম্যান তাদের বলে, ‘আপনাদের কেউ ধরবে না। আপনারা নিরাপদে ভারতে চলে যাবেন।’
ইত্তেফাক/নূহু