বরিশালে বেপরোয়া মোটর সাইকেল চোরচক্র

নগরীতে বেপরোয়া হয়ে উঠেছে মোটরসাইকেল চোরচক্র। মেট্রোপলিটন এলাকার ৪ থানায় প্রতি মাসে মোটরসাইকেল চুরির ২/৩টি অভিযোগ দায়ের হলেও গত এক সপ্তাহে বিমানবন্দর থানায় ৬টি মোটর সাইকেল চুরির অভিযোগ দায়ের হয়েছে।

ভূক্তভোগীরা জানান, ১ অক্টোবর বিমানবন্দর থানাধীন ২৮নং ওয়ার্ডের মীরাবাড়ি এলাকায় এক রাতেই চুরি হয় ৩টি মোটরসাইকেল। থানায় লিখিত অভিযোগ দায়েরকারী সৈয়দ ফজলে রাব্বী জানান, তার বাড়ির গ্যারেজে নিজের মোটরসাইকেলসহ ভগ্নিপতি ও ভাড়াটিয়ার নতুন মোটরসাইকেল চুরি হয়। তার মোটরসাইকেল এফজেডএসভি টুসহ ভগ্নিপতির পালসার ও ভাড়াটিয়ার ডিসকভার চুরির ঘটনায় পরদিন থানায় সাধারণ ডায়েরি করেছেন।

৭ দিনের ব্যবধানে পার্শ্ববতী বাড়িতে গতরাতে পুনরায় তিনটি মোটরসাইকেল চুরি হয়। চুরি হওয়া মোটরসাইকেল মালিকরা সকালে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করার পর বিকেলে মামলা হিসেবে রুজু করা হয়েছে।

তিনটি মোটরসাইকেলের মধ্যে দু’টি চুরি হয়েছে একটি বাড়ি থেকে। মোঃ জাফর ইকবাল অভিযোগে উল্লেখ করেন ইছাকাঠী তার বাসার গ্যারেজ থেকে বাজাজ পাওয়ার এবং সোহাগের প্লাটিনাম মোটরসাইকেলটি চুরি হয়। পার্শ্ববর্তী জাহাঙ্গীর ভূইয়ার বাজাজ মোটরসাইকেলও একই রাতে চুরি হয়।

বিমানবন্দর থানার ওসি (তদন্ত) আর আই মুকুল জানান, ৬টি মোটর সাইকেল চুরির ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে তাদের অভিযান চলছে।  

হঠাৎ করে এ এলাকায় মোটরসাইকেল চুরি হওয়ায় আতংকিত হয়ে পড়েছে এলাকাবাসী। তারা এ চুরি রোধে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কিছুদিন গা ঢাকা দেয় সংঘবদ্ধ চোর চক্র। আবার আইন-শৃংখলা বাহিনীর অভিযান কমে আসলেই শুরু হয়ে যায় চুরি।

চুরি হওয়া মোটরসাইকেল মালিকরা জানান, গভীর রাতে নগরীর ৪ থানায় এত টহল পুলিশ এড়িয়ে মোটরসাইকেলগুলো কিভাবে চোরচক্র নিয়ে গেলো তা তাদের ভাবিয়ে তুলেছে। কেননা রাত ১২টার পর থেকেই ৪ থানা পুলিশ টহল জোরদার করে। পাশাপাশি ডিবি পুলিশের টহলদল নগরীর মোড়ে মোড়ে টহল দেয়। প্রশাসনের এ কঠোর নজরদারীতে চোরচক্রের এ বীরদর্পের চুরি আইন-শৃংখলার অবনতি হিসেবে দেখছেন তারা।

ইত্তেফাক/নূহু