ব্রাহ্মণবাড়িয়ায় দুটি প্রাথমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন

শিশুকাল থেকেই নীতি-নৈতিকতা ও সততার শিক্ষা দিতে ব্রাহ্মণবাড়িয়ার দুটি প্রাথমিক বিদ্যালয়ে বিক্রেতাবিহীন ব্যবসা প্রতিষ্ঠান “সততা স্টোর” এর উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় দুটি হলো, পৌর এলাকার পৈরতলা (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গতকাল সকালে পৈরতলা (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “সততা স্টোর” এর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস।

পৈরতলা (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম ভূঁইয়া, রকিব হাসান ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।

দুপুরে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে “সততা স্টোর” উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমা বেগম।

দুটি  বিদ্যালয়ের একটি কক্ষে স্থাপিত সততা স্টোরে কোন বিক্রেতা থাকবে না। এই স্টোরে খাতা, কলম, পেন্সিল, রাবার, শার্পনার, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, রঙ পেন্সিলসহ অন্যান্য শিক্ষা সামগ্রী সংরক্ষিত থাকবে। এসব সামগ্রীর প্রতিটিতেই মূল্য তালিকা ঝুলানো থাকবে। শিক্ষার্থীরা যে সামগ্রী কিনতে ইচ্ছুক সে সামগ্রী নিয়ে সততা স্টোরে রাখা ক্যাশ বাক্সে নিজ হাতে টাকা রাখবে।

ইত্তেফাক/নূহু