ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আনা আপিলের রায় না দিয়ে পুনরায় শুনানির জন্য নতুন দিন ধার্য করেছে আপিল বিভাগ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির পক্ষে শুনানির জন্য আবেদনের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ মঙ্গলবার এ আদেশ দেয়। পুনরায় শুনানির জন্য ১৭ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
এডভোকেট মাহমুদা বেগম বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুলের পক্ষে আগে আইনজীবী নিয়োগ করা হয়নি। এখন তারপক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
২০১৩ সালের ১৮ নভেম্বর হাইকোর্ট এক রায়ে খালাফ এস আল আলী হত্যা মামলায় সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখে। এছাড়া আসামি মো. আল আমীন, আকবর আলী লালু ও রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। খালাস দেয়া হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিম চৌধুরীকে। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। ২০১৪ সালের ২৩ জুলাই আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল দায়ের করতে বলে। পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল দায়ের করে।
গত বছরের ৫ মার্চ মধ্যরাতের পর ঢাকার গুলশানের ১২০ নম্বর সড়কে নিজের বাসার অদূরে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। পরদিন ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ইত্তেফাক/এএম।