ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

 
ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি মো. ওবায়দুর রহমান লিংকনের (৪০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার গজারিয়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
 
পুলিশ জানায়, সকালের দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে গজারিয়া এলাকার রাস্তার পাশে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশটি উদ্ধার করে।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. নবীর হোসেন জানান, নিহত লিংকনের বিরুদ্ধে সদর মডেল থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই সহ ১৮টি মামলা রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিংকন শহরের দক্ষিণ পৈরতলা এলাকার গোলাম হোসেন মিয়ার ছেলে।
 
ইত্তেফাক/জামান