ব্যক্তি ও কোম্পানির কর কমানোর সুপারিশ আইসিএবি’র

প্রাক বাজেট আলোচনা

ইত্তেফাক রিপোর্ট

ব্যক্তি ও কোম্পানির করহার কমানোর প্রস্তাব করেছে সনদধারী হিসাববিদদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি)। বিদ্যমান কর হারের সবক্ষেত্রেই (শেয়ারবাজারে তালিকাভুক্ত বা অতালিকাভুক্ত) ২ শতাংশ কমানোর সুপারিশ করেছে আইসিএবি। প্রতিষ্ঠানটি বলছে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশেই করপোরেট কর হার সবচেয়ে বেশি। গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে আইসিএবি’র পক্ষে এ প্রস্তাব দেওয়া হয়। রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। আইসিএবি ছাড়াও গতকাল বাজেট আলোচনায় অংশ নেয় ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশন,  শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।