ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

 
ব্রাহ্মণবাড়িয়ায় ওবায়দুর রহমান লিঙ্কন (৩৮) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের গজারিয়া এলাকার একটি ঝোপ থেকে উদ্ধার করা হয়। 
 
পুলিশের দাবি, লিঙ্কন শহরের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে সদর মডেল থানায় ১৮টি মামলা রয়েছে। লিঙ্কন ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দক্ষিণ পৈরতলা এলাকার গোলাম হোসেনের ছেলে। তিনি বেসরকারি পরিবহন ‘রয়েল কোচ’ সার্ভিসের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি হিসেবেও কাজ করতেন। 
 
নিহতের স্ত্রী নিরা বেগম বলেন, গত সোমবার বিকেলে আমার স্বামী লিংকন বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি ফিরতে দেরি হলে ফোন করে জানান- কিছুক্ষণের মধ্যে তিনি বাড়িতে আসবেন। ভোর ৫টার দিকে জানতে পারি তার গুলিবিদ্ধ লাশ গজারিয়ায় পড়ে আছে। 
 
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন জানান, সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের গজারিয়া এলাকায় এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 
 
ওসি আরও জানান, স্থানীয়রা বলছেন- এটি শহরের শীর্ষ সন্ত্রাসী লিঙ্কনের মরদেহ। তার বিরুদ্ধে থানায় ১৮টি মামলা রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বুকের বাম দিকে গুলির চিহ্ন রয়েছে বলেও জানান ওসি নবীর হোসেন।
 
ইত্তেফাক/কেকে