ফরিদপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নারী নিহত, আহত ৪০

 
ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নারী নিহত এবং আহত হয়েছেন ৪০জন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতঘর ভাংচুর ও লুটপাট করা হয়। উপজেলার গোবিন্দপুর এলাকায় মঙ্গলবার এ সংঘর্ষের  ঘটনা ঘটে। নিহত জহুরা বেগম (৬০) গোবিন্দপুর গ্রামের মান্নান মাতুব্বরের স্ত্রী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য শের আলী খানের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা দেলোয়ার খাঁর বিরোধ চলে আসছিল। এই বিরোধের কারণে শের আলীর এক সমর্থক যুবলীগ নেতা কানাই মাতুব্বর কয়েক মাস ধরে এলাকা ছাড়া। কানাই সোমবার রাতে এলাকায় আসলে তাকে ধাওয়া দেয় দেলোয়ারের লোকজন। এ সময় কানাইয়ের বসতবাড়ি ভাংচুর করে তারা।
IMG0
 
এরই জের ধরে মঙ্গলবার সকালে গোবিন্দপুর এলাকায় দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে।এতে দেলোয়ারের সমর্থক মান্নানের স্ত্রী জহুরা নিহত হন। সংঘর্ষের সময় অন্তত ১০-১২টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০জন আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থাস্ব্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
 
সালথা থানার ওসি (তদন্ত) মো. ফায়েকুজ্জামান বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
ইত্তেফাক/ আরকেজি