ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলীর চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী কোচের চাকায় পিষ্ট হয়ে পিতা-পুত্রসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত অনুমান সোয়া ১০টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে সদরের শশবিদনী গ্রামের আবুল কালাম (৪২), তার ছেলে হৃদয় (২৬) এবং তাদের পাশ্ববর্তী রজাকপুর গ্রামের অমলের ছেলে গেদা (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত অনুমান সোয়া ১০ টার দিকে ঢাকামুখী শ্রামরী পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচ বিপরীতমুখি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ফলে মোটরসাইকেলে থাকা আরোহী ৩ জন ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় জনতা কোচটি আটক করে।
সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ৩ জন নিহতের বিষয়টিসহ তাদের নাম ঠিকানা নিশ্চিত করেছেন। সেইসঙ্গে ঘাতক কোচটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু