চৌহালীতে ৭ জেলের জরিমানা

 
সিরাজগঞ্জের চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে সাত জেলের জরিমানা এবং ১৬ হাজার মিটার জাল জব্দ করে তা পুড়িয়ে দিয়েছে।
 
ইলিশ রক্ষা ট্রাস্কফোর্স কমিটির উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আনিসুর রহমানের নেতৃত্ব মঙ্গলবার রাতভর এই অভিযান পরিচালনা করা হয়। আটক জেলেরা হলো এনায়েতপুর থানার বোয়ালকান্দির গোলাম মণ্ডলের ছেলে আব্দুর রাজ্জাক (২০), নুরুল ইসলামের ছেলে আজাদ (২০), স্থল চরের আব্দুল মালেকের ছেলে শুকুর আলী (২২), ফজলুল হকের ছেলে শফিকুল ইসলাম (৪০), মণ্ডল ভোগের ইবাদ আলীর ছেলে সোনাউল্লাহ মিয়া (৫০), টাঙ্গাইলের নাগরপুরের মারমা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে নাসির উদ্দিন (২৫), খাস শাহাজানীর মৃত হারুন ব্যাপারীর ছেলে বুদ্দু মিয়া (৪৫)। বুধবার সকালে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়। এরপর উদ্ধার হওয়া ৪ মন ইলিশ সিরাজগঞ্জ জেলা কারাগারে কয়েদীদের জন্য বিতরণ করা হয়।
 
অভিযান চলাকালে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান জানান, আগামী ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষেধাজ্ঞা পর্যন্ত আমাদের অভিযান দিন-রাত অব্যাহত থাকবে। কোন ভাবেই অন্যায় কারী জেলেদের ছাড় দেয়া হবেনা। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।
 
ইত্তেফাক/জামান