সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
সোনাতলা সাব রেজিস্ট্রি অফিসে বালাম বই সংকট সৃষ্টি হওয়ায় নকলনবিশদের অর্থ উপার্জন বন্ধ হয়ে গেছে। এদিকে নকল দলিল না পাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন জনসাধারণ।
নকলনবিশ নূরুল ইসলাম ও আব্দুস ছাত্তার জানান, সোনাতলা সাব রেজিস্ট্রি অফিসের অধীনে আমরা ২১ জন নকলনবিশ রয়েছি। নকলনবিশের কাজ করার বিনিময়ে অর্থ উপার্জন করে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। বালাম বই সংকট সৃষ্টি হলেই আমাদের উপার্জন বন্ধ হয়ে যায়। ইতিপূর্বে জেলা রেজিস্ট্রি অফিস থেকে মাত্র ২০টি বালাম বই সরবরাহ পাওয়া গিয়েছিল। তা গত দুই মাস আগে লেখার কাজ শেষ হয়ে গেছে।
সোনাতলা সাব রেজিস্ট্রার মো. মুরিদুল ইসলাম জানিয়েছেন, জেলা রেজিস্ট্রি অফিসে চাহিদাপত্র পাঠানো হয়েছে। কিন্তু এখনো সরবরাহ পাওয়া যায়নি।