নোয়াখালী জেলা শহর মাইজদীতে বুধবার বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে ৩ পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
এ সময় ঘটনাস্থল থেকে জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিমসহ ১৪ জনকে আটক করে পুলিশ।
সকাল ১১টার দিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে ও প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশি বাধার সম্মুখীন হলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছুঁড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মো. শাহজাহানের মাইজদীস্থ বাসভবন রশিদ কলোনি এলাকায় বিএনপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করতে জড়ো হয়। পরে তারা প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশি বাধা দেয়। এ সময় দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সুধারাম মডেল থানার ওসি (তদন্ত) মো. শাহেদ উদ্দিন জানান, বিএনপি বিক্ষোভ মিছিল করতে কোনো অনুমতি নেয়নি। সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন মিছিল করতে বারণ করলে তার উপর হামলার চেষ্টা চালায় বিএনপিকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করলে ৩ পুলিশ আহত হয় এবং পুলিশের দুটি গাড়ির ক্ষতিসাধন হয়।
ইত্তেফাক/জামান