সুনামগঞ্জে বেইলিব্রিজ ভেঙে যোগাযোগ বন্ধ, দুর্ভোগে ৫ লাখ মানুষ

সুনামগঞ্জ-দিরাই-শাল্লা সড়কে বেইলি ব্রিজ ভেঙে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। সড়কের ২৫ কিলোমিটার অংশের দরগাপুর গ্রাম পার্শ্ববর্তী বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় এই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়ে। 
 
বুধবার সকাল ১০টায় সড়ক ও জনপথ বিভাগের কার্পেটিংয়ের কাজের মালামাল নিয়ে যাওয়ার সময় একটি ট্রাকসহ সেতুটি ভেঙে যায়। এরপর থেকে এই দুই উপজেলাসহ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার একাংশের সঙ্গে জেলা শহরসহ সারাদেশের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
 
স্থানীয় লোকজন জানিয়েছেন, সেতুটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। সড়ক ও জনপথ কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন থাকায় দিরাই ও শাল্লা উপজেলা এবং দক্ষিণ সুনামগঞ্জের একাংশের কমপক্ষে ৫ লাখ মানুষের সুনামগঞ্জ জেলা সদরসহ সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
 
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম জানান, সেতুটি ভালই ছিল, সড়ক ও জনপথ বিভাগের কার্পেটিংয়ের মালামাল নিয়ে ভারী ট্রাক বেইলি সেতুতে ওঠায় ভেঙে পড়েছে। বিকল্প সেতু তৈরিতে আরও ৫-৬ দিন সময় লাগবে।
 
ইত্তেফাক/এমআই