‘আত্মঘাতি হতে না চাইলে বিএনপি নির্বাচনে আসবে’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আত্মঘাতি হতে না চাইলে নির্বাচনে আসাটাই হবে বিএনপির জন্য সবচেয়ে উপযোগী সিদ্ধান্ত। আজ বুধবার পার্টির ১৫ সদস্যের প্রতিনিধি দলসহ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
 
তিনি বলেন, সংবিধান অনুযায়ী সংসদ বহাল রেখে বর্তমান সরকারের অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 
 
বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে আসবে কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মনে করি বিএনপি নির্বাচনে আসবে এবং তারা যদি আত্মঘাতি হতে না চান তাহলে নির্বাচনে আসাটাই হবে তাদের জন্য সবচেয়ে উপযোগী সিদ্ধান্ত।’
 
কমিশনের সঙ্গে সংলাপে পার্টির পক্ষে ১৪দফা প্রস্তাবনা দেয়া হয়েছে উল্লেখ করে রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকার দৈনন্দিন কার্যাবলী ছাড়া নীতিগত কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। নির্বাচনের সময় স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনস্ত থাকবে।’
 
তিনি বলেন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের কোন প্রয়োজন নেই। তবে একান্ত প্রয়োজনে ইসি আইনশৃংখলা রক্ষার স্বার্থে কোন কোন ক্ষেত্রে আইনশৃংখলা বাহিনীর সহায়তাকারী বাহিনী হিসেবে অর্থাৎ স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রতিরক্ষা বাহিনীকে নিয়োগ করতে পারবেন। 
 
আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে নির্বাচন কমিশনারবৃন্দ, ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/এমআই