ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে সাবেক তথ্য কমিশনার ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিমের দায়িত্ব কেন অবৈধ ও বে আইনি হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে।
এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
এর আগে গত ৪ অক্টোবর সাদেকা হালিমের ডিন পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়ার আইনজীবী এ বি এম সিদ্দিকুর রহমান খান রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন।
প্রসঙ্গত, গত ২ জুলাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ১৯৭৩ এ ১৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক শফিউল আলম। ভারপ্রাপ্ত ডিন হিসেবে তার কার্যকাল ৯০ দিন পূরণ হবার কথা ছিলো। কিন্তু ৯০ দিন পূর্ণ হবার পূর্বেই নির্বাচন না দিয়ে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে অধ্যাপক ড. সাদেকা হালিমকে নিয়োগের সিদ্ধান্ত হয়।
এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও প্রচলিত রেওয়াজের পরিপন্থী এবং অধ্যাদেশের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানা যায়।
ইত্তেফাক/কেকে