বেরোবি সংবাদদাতা
সরকারি কলেজগুলোতে লোক প্রশাসন বিভাগকে স্বতন্ত্র বিষয় হিসেবে অন্তর্ভুক্তি করে বিসিএস শিক্ষা ক্যাডার চালু এবং সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভাগটি চালুর দাবিতে সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ লোক প্রশাসন পরিবারের ডাকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে এ কর্মসূচি পালন করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আবু হাসান সোহাগ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা স্বাক্ষরতা অভিযান শুরু করেছি। প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী এই বিভাগ থেকে উচ্চ শিক্ষা অর্জন করলেও চাকরির বাজারে এর অবস্থান সংকুচিত। এ দাবি পূরণ হলে এই বিভাগের শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটি সুযোগ তৈরি হবে।