গাইবান্ধায় বিএনপির মিছিলে টিয়ারশেল নিক্ষেপ, ১৫ নেতাকর্মী আহত

 
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার গাইবান্ধা জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় ও ১৫ নেতাকর্মী আহত হন।
 
এসময় পুলিশ সাদুল্লাপুর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছামছুল হাসান ছামছুলকে (৪৫) আটক এবং ফোকাস বাংলার ফটোসাংবাদিক কুদ্দুস আলমকেও লাঞ্ছিত করে।
 
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয় শহরের সার্কুলার রোড থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নিউ মার্কেটের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা মিছিল নিয়ে সামনে অগ্রসর হতে থাকলে পুলিশ লাঠিচার্জ করে। এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
 
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল দাবি করেন, পুলিশের লাঠিচার্জের ফলে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ স¤পাদক মাহামুদুননবী টিটুল, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, জেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক মোশাররফ হোসেন বাবু, মঞ্জুর মোরশেদ বাবু, আনিছুজ্জামান নাদিমসহ ১৫জন আহত হয়েছেন।
 
ফোকাস বাংলার ফটোসাংবাদিক কুদ্দুস আলম বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জের সময় আমি ছবি তুলছিলাম।এসময় পুলিশ সদস্য আমাকে ছবি তুলতে নিষেধ ও লাঞ্ছিত করে।
 
গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহারিয়ার জানান, বিক্ষোভ মিছিলে বাধা দিলে নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়ে ওঠেন। ফলে ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয় এবং ছামছুল হাসান ছামছুল নামে একজনকে আটক করা হয়েছে।
 
সাংবাদিক লাঞ্চিত হওয়ার ঘটনায় ওসি দুঃখ প্রকাশ করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/ আরকেজি