মেয়াদোত্তীর্ণ কসমেটিকস দিয়ে রূপসজ্জা, বিউটি পার্লারকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ কসমেটিকস দিয়ে গ্রাহকদের রূপসজ্জা করার অভিযোগে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকার লুসি বিউটি পার্লারের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
 
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন বুধবার এ অভিযান পরিচালনা করেন। 
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন জানান, লুসি বিউটি পার্লারে ২ থেকে ৭ বছর আগে মেয়াদ শেষ হওয়া কিছু কসমেটিকস আইটেম পাওয়া গেছে। অভিযানে দেখা যায় মেয়াদোত্তীর্ণ মেকআপ আইটেম, শ্যাম্পু ও কসমেটিকস ব্যবহার করে গ্রাহকদের রূপসজ্জার কাজ চলছিল। এ ছাড়া পার্লারের ফ্রিজে পুরোনো ও নষ্ট হয়ে যাওয়া হারবাল প্রোডাক্ট সংরক্ষণের পাশাপাশি মাছ মাংস রাখা হচ্ছিল। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ সব কার্যক্রম চালানোয় এবং প্রতিশ্রুত সেবা জনগণকে না দেয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি