মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা মুসলমানদের সেদেশ থেকে স্থায়ীভাবে বিতাড়নের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।
জাতিসংঘের একটি রিপোর্টে বলা হয়েছে- রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্মম ও পরিকল্পিত হামলা চালানো হয়েছে। পাশাপাশি তাদের গ্রাম ও ফসলের জমি এমনভাবে ধ্বংস করে ফেলা হয়েছে যাতে পালিয়ে যাওয়া শরণার্থীরা আর কোনো দিন সেখানে ফিরতে না পারে।
রাখাইন থেকে সম্প্রতি বাংলাদেশে পালিয়ে আসা ৬০ জনেরও বেশি রোহিঙ্গার সঙ্গে কথা বলেছেন জাতিসংঘের কর্মীরা, এই প্রতিবেদনে তাদের দেয়া তথ্যও সংকলিত হয়েছে।
জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, রোহিঙ্গা গ্রামগুলোতে শুধু যে বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়েছে তা নয়। সেখানে তাদের গবাদি পশু, ফসলের ক্ষেত, এমনকি বসত ভিটায় যেসব গাছপালা ছিল সেগুলো পর্যন্ত ধ্বংস করা হয়েছে।
রিপোর্টে বলা হচ্ছে, এর উদ্দেশ্য হচ্ছে, রোহিঙ্গারা যদি ফিরে আসে, সেখানে যেন তারা আবার নতুন করে জীবন শুরু করতে না পারে। যেন তারা তাদের নিজেদের জায়গাকে পর্যন্ত আর চিনতে না পারে।
রিপোর্টে আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টির উল্লেখ করা হয়েছে, তা হলো, মিয়ানমারের সেনাবাহিনী কার্যত রাখাইনে যে রোহিঙ্গা জনগোষ্ঠী বলে একটি জনগোষ্ঠী ছিল, তার সমস্ত চিহ্ন মুছে ফেলতে চেয়েছে। বিবিসি
ইত্তেফাক/ইউবি