কুমিল্লা শহর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম হত্যা মামলায় ৮জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। বুধবার কুমিল্লার ১নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহর আদালতে এ চার্জশিট দাখিল করা হয়।
চার্জশিটভুক্ত আসামিরা হচ্ছেন- শামীম ওরফে নাজমুল ইসলাম, লিটন ওরফে আবুল কালাম আজাদ, মো. শাহেদ আলম, সঞ্জয় কর্মকার, মাসুম, শাহিদ, রানা ও আসিফ হোসেন।
জানা যায়, ২০১৫ সালের ১১ এপ্রিল নগরীর টাউনহল মিলনায়তনে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এএইচএম বদিউজ্জামান সোহাগসহ কেন্দ্রীয় নেতারা। কর্মীসভা শেষে কেন্দ্রীয় নেতারা যাওয়ার সময় প্রতিপক্ষ গ্রুপের ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় নিহত হন শহর ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম।
এ ঘটনায় কুমিল্লা পলিটেকটিক ইন্সটিটিউটের সাবেক ভিপি ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা জহিরুল ইসলাম রিন্টু বাদী হয়ে আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ খান ওরফে ইমরান খানকে প্রধান আসামি ও তার ভাই নাসরুল্লাহ্ খান ওরফে আরমান খানকে ২নম্বর আসামি করে যুবলীগ-ছাত্রলীগের ২২জনের নামে মামলা করেন।
পরে মামলাটি থানা থেকে সিআইডিতে স্থানান্তর করা হয়। সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ আড়াই বছর পর গত ৭ অক্টোবর আদালতে ৮জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। বুধবার এ মামলার ধার্য্য তারিখে কুমিল্লার ১নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ এ চার্জশিট গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
ইত্তেফাক/ আরকেজি