সৈয়দপুরে নির্মিত হবে ১৫০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র

সৈয়দপুর (নীলফামারী), সংবাদদাতা

বিদ্যুত্ বিভ্রাট বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ করতে নীলফামারীর সৈয়দপুরে ১৫০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র নির্মাণের কাজ খুব শিগগির শুরু হতে যাচ্ছে। এজন্য জমি অধিগ্রহণের প্রয়োজন নেই। বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের নিজস্ব ১৮ দশমিক শূন্য সাত একর জমির ওপর এ উত্পাদন কেন্দ্রের অবকাঠামোসহ সকল প্রকার কাজ সম্পন্ন করা হবে। শুধুমাত্র পানি নিষ্কাশনের নালা নির্মাণের জন্য ১৯ শতক জমি অধিগ্রহণ করতে হবে। এ পরিমাণ জমি অধিগ্রহণের প্রস্তুতিও শেষ হতে চলেছে। সরকারের এ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে এক হাজার এক কোটি টাকা। অর্থের যোগান দেওয়া হবে সরকারের নিজস্ব তহবিল, বিদ্যুত্ উন্নয়ন বোর্ড ও বিদেশি ব্যাংক থেকে নেওয়া ঋণ হতে। ইতোমধ্যে একনেকের সভায় ওই টাকা প্রধানমন্ত্রী বরাদ্দ দিয়েছেন।

সৈয়দপুর বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, সরকারের নেওয়া বিদ্যুত্ উত্পাদনের এ প্রকল্পটি বাস্তবায়নের মূল উদ্দেশ্য হচ্ছে, বর্তমান সরকারের প্রস্তাবিত সৈয়দপুর অর্থনৈতিক অঞ্চল ও উত্তরা ইপিজেডে  নিরবচ্ছিন্নভাবে বিদ্যুত্ সরবরাহ করা।

এছাড়াও প্রকল্পটি বাস্তবায়ন হলে এ জনপদে নতুন নতুন শিল্প-কারখানা গড়ে উঠবে। আর এসব ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। লাখো বেকার পাবে কাজের সুযোগ। এতে করে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এই অঞ্চলে অর্থনীতির দৃশ্যপট পুরোপুরি বদলে যাবে। শ্রমজীবী মানুষরা আর কাজের সন্ধানে রাজধানী ঢাকা কিংবা চট্টগ্রামমুখী হবে না। ফলে শিল্প উন্নত জেলাগুলোতে শ্রমজীবী মানুষের চাপ কমে আসবে।

সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার জানান, বিদ্যুত্ বিভ্রাট বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ করার সঙ্গে কৃষিভিত্তিক শিল্প এ অঞ্চলে গড়ে তুলতে হবে। এর ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য যেমন পাবে তেমনি কৃষিপণ্যের উত্পাদনও বৃদ্ধি পাবে।