সখীপুরে বেইলি সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

সখীপুর-সীডস্টোর সড়কে উপজেলার কীর্ত্তনখোলা বাজারের পশ্চিম পাশের ধুমখালি এলাকায় বেইলি সেতুটির একটি পাটাতন ভেঙে পড়ায় গত ১০ দিন ধরে ওই সড়কে ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। গত মঙ্গলবার একটি মালবাহী ট্রাকের চাপে জরাজীর্ণ ওই সেতুটির একটি পাটাতন ভেঙে পড়ে।

 ফলে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা। স্থানীয় লোকজন ও এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, এ সড়কটি সখীপুর থেকে গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা, গফরগাঁও এবং ময়মনসিংহ সদরে যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। এছাড়াও সখীপুর থেকে রাজধানী শহর ঢাকা যাতায়াতের বিকল্প  সড়ক এটি। এছাড়া ভালুকা থেকে পূর্বাঞ্চলের লোকজনের সখীপুর আসার একমাত্র সড়কও এটি। ওই সেতুটি ভেঙে পড়ায় ওইসব এলাকার হাজার হাজার লোক চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

ওই সড়কে চলাচলকারী কালিয়ানপাড়া গ্রামের বাসিন্দা ও স্কুল শিক্ষক মো. তাইবুর রহমান জানান, ব্রিজটি খুবই জরাজীর্ণ। কমপক্ষে ২৫-৩০ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। মাঝে-মধ্যেই ওই সেতুর পাটাতন ভেঙে পড়ে। ওই বেইলি সেতুটি সরিয়ে বড় ব্রিজ নির্মাণ করা দরকার বলেও জানান তিনি।

কীর্ত্তনখোলা গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম জানান, ওই সড়কে ট্রাক  না চলায় ট্রাকে করে ইট-বালুসহ নানা নির্মাণ সামগ্রী আনা-নেওয়া করা যাচ্ছে না। ফলে আমার বাড়ি নির্মাণ কাজ বন্ধ রয়েছে। সখীপুরের কাঁচামাল ব্যবসায়ী হাবিবুর রহমান ও শামসুল আলম বলেন, ওই সড়কে ট্রাক না চলায় ময়মনসিংহ ও ভালুকায় মাল পাঠাতে অতিরিক্ত রাস্তা ঘুরতে হয় বলে বেশি ভাড়া গুনতে হচ্ছে।

সখীপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুস জানান, মাস ছয়েক আগেও একটি পাটাতন ভেঙে দুই সপ্তাহ ভারী যান চলাচল বন্ধ ছিল। শিগগিরই বেইলি সেতুটির একটি পাটাতন লাগানো হবে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/নূহু