বজ্রপাতে সাতজনের মৃত্যু

 ইত্তেফাক ডেস্ক

ভোলার চরফ্যাশন, ময়মনসিংহের হালুয়াঘাট, কিশোরগঞ্জের নিকলী ও জামালপুরের ইসলামপুর, নেত্রকোনার পূর্বধলা ও কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

জামালপুর:জেলার ইসলামপুরে বজ্রপাতে আব্বাস নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার চরপুটিমারী ইউনিয়নের টাবুরচর গ্রামে এ ঘটনা ঘটে। আব্বাস আলী মাঠে কাজ করছিল। এ সময় হঠাত্ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পূর্বধলা (নেত্রকোণা) :পূর্বধলায় বজ্রপাতে কৃষক আবু ছিদ্দিক ও ধানকাটা শ্রমিক ফজল হকের মৃত্যু হয়েছে। নিহত আবু ছিদ্দিক উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের উপলা গ্রামের মৃত ইরাজ আলীর ছেলে ও ফজল হক নারানন্দিয়া ইউনিয়নের তুলাবাইদ গ্রামের জালাল মিয়ার ছেলে। পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নমিতা দে কৃষকসহ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চকরিয়া (কক্সবাজার):পেকুয়ায় বজ্রপাতে রিফাত (১৩) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় নিহতের দাদা জাকের আহমদও গুরুতর আহত হন। রিফাত উপজেলার বারবাকিয়া ইউনিয়নের জালিয়াকাটা এলাকার ওমান প্রবাসী রুহুল আমিনের মেয়ে।

চরফ্যাশন (ভোলা):চরফ্যাশনে মধুমতি ব্রিক ফিল্ডে কাজ করার সময় বজ্রপাতে মো. জসিম নামের এক শ্রমিকের মৃত্যু হয়। নিহত জসিম নুর হোসেন মিস্ত্রির ছেলে।

হালুয়াঘাট (ময়মনসিংহ):হালুয়াঘাটে বজ্রপাতে আনারুল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আনারুল উপজেলার খন্দকপাড়া গ্রামের ফজর আলীর ছেলে।

নিকলী (কিশোরগঞ্জ):নিকলীর মোজানলের হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। তার নাম বিল্লাল মিয়া (৪২)। সে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গ্রামের আ. সোবান মিয়ার ছেলে।