ফুলপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

ফুলপুরে সোমবার বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী এক শিশু নিহত ও পাঁচজন আহত হয়। ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে উপজেলার ছনধরা ইউনিয়নের বাঁশাটি বড়ো পাগলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আরিফ (৫)। সে বাঁশাটি কান্দাপাড়ার গ্রামের আবু রায়হানের ছেলে।

ফুলপুর থানার ওসি তদন্ত মেহেদী হাসান জানান, শেরপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি কান্দাপাড়া থেকে কাশিগঞ্জগামী একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অটোরিকশার যাত্রীদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিত্সাধীন অবস্থায় শিশু আরিফের মৃত্যু হয়।