‘টাকা নিয়ে’ স্বামীকে না ছাড়ায় ডিবির গাড়িতে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

 
‘টাকা নিয়ে’ স্বামীকে ছেড়ে না দেয়ায় নারায়ণগঞ্জ কোর্টে ডিবি পুলিশের গাড়িতে ওড়না পেঁচিয়ে শিশু সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক জাল টাকা ব্যবসায়ীর স্ত্রী। এসময় উপস্থিত লোকজন ডিবির গাড়ি ঘিরে ফেললে বাধ্য হয়ে টাকা ফেরত দিয়ে আত্মগোপন করে ডিবির দুই উপপরিদর্শক। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আইনজীবী সমিতির সামনে এঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকা থেকে বুধবার রাতে ইসহাক ও জসিম নামে দুই ব্যক্তিকে জাল টাকাসহ আটক করে জেলা ডিবির উপপরিদর্শক আরসাদুজ্জামান ও উপপরিদর্শক মোল্লা টুটুল। এরপর তাদের ছেড়ে দিতে কয়েক লাখ টাকা দাবীতে রাতভর দেনদরবার শেষে  ইসহাকের স্ত্রীর কাছ থেকে হাতিয়ে নেয় ৭০ হাজার টাকা। কিন্তু কথা মতে না ছেড়ে জাল টাকার মামলায় বৃহস্পতিবার দুপুরে ইসহাক ও জসিমকে আদালতে প্রেরন করে ডিবি। বিষয়টি জানতে পেরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এসে ডিবি পুলিশের উপপরিদর্শক মোল্লা টুটুল ও উপপরিদর্শক আরসাদুজ্জামান শেখের পথ আটকায় ইসহাকের স্ত্রী বিউটি। তার স্বামীকে ছেড়ে দেয়ার নামে হাতিয়ে নেয়া সেই ৭০ হাজার টাকা ফেরত চায়। এনিয়ে ডিবির ওই দুই অফিসার ক্ষিপ্ত হলে শিশু সন্তানসহ ডিবির গাড়িতে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে বিউটি। এসময় আদালতপাড়ায় উপস্থিত লোকজন ছুটে এসে ডিবির গাড়ি ঘিরে ফেলে। এতে বাধ্য হয়ে ৭০ হাজার টাকা ফেরৎ দেয় ডিবির উপপরিদর্শক মোল্লা টুটুল।
 
ঘটনার পর গাড়ি রেখে তাৎক্ষণিক স্থান ত্যাগ করেন ডিবির ওই দুই উপপরিদর্শক। তবে এব্যাপারে জানতে ডিবির উপপরিদর্শক মোল্লা টুটুলকে ফোন করলেও তিনি তা রিসিভ করেনি।
 
খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন জানান, বিউটির অভিযোগ সম্পূর্ন মিথ্যা। এধরনের কোন ঘটনাই ঘটেনি। তারপরও তার অভিযোগ আরো তদন্ত করে দেখা হবে। আর পরবর্তীতে তদন্তে অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি