জয়পুরহাটে ৬ষ্ট শ্রেণির এক ছাত্রীর পথরোধ করে ছবি তুলেছে বখাটেরা

জেলা শহরের তিতলতলী নামক এলাকায় প্রকাশ্য দিবালোকে ৬ষ্ট শ্রেণির এক ছাত্রীর পথরোধ করে জোরপূর্বক ছবি তুলেছে বখাটেরা। এই মর্মে একটি অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল কিন্তু বখাটে ওই ছেলেরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব পাথুরিয়া গ্রামের জনৈক শহিদুল ইসলামের ১২ বছরের মেয়ে স্থানীয় খনজনপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী অন্যান্য দিনের মতো বৃহষ্পতিবার সকালে স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে তিতলতলী নামক স্থানে পৌঁছামাত্র স্থানীয় রাকিবুল, নাসির ও মারুফ নামে তিন বখাটে তার পথরোধ করে। এ সময় দুই জন দু’দিকে ওই ছাত্রীর হাত ধরে থাকে আর একজন জোরপূর্বক মোবাইলে ছবি তোলে। মেয়েটির চিৎকারে বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় বলে জানান, ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা অপূর্ব সরকার।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছলেও বখাটেরা পালিয়ে যায়। বখাটে ওই ছেলেদের বয়স ১৪/১৫ বছর হওয়ায় তাদের অভিভাবকদের থানায় ডেকে পাঠানো হয়েছে বলে জানান, ওসি মোহাম্মদ সেলিম।

ইত্তেফাক/নূহু